Main Menu

দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যায় ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তের ঘোষণার পর এক ঘণ্টা যেতে না যেতেই মন্ত্রণালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএনজি স্টেশন বন্ধের বিষয়টি নিয়ে মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে সোমবার বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের চাহিদা যখন সর্বোচ্চ থাকে, সেই ‘পিক আওয়ারে’ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখতে হবে। ১৫ সেপ্টেম্বর বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

Share





Related News

Comments are Closed