Main Menu

শ্রেণিকক্ষ অপরিষ্কার, শিক্ষা কর্মকর্তা ও অধ্যক্ষ বরখাস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারির মধ্যে দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন একটি কক্ষ অপরিষ্কার থাকায় ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি স্কুল পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ বরখাস্তের নির্দেশ দেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিন রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে মন্ত্রীর সঙ্গে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, একটি শ্রেণিকক্ষ অপরিষ্কার পেয়েছি। তাকে আমরা প্রথমে শোকজ করব।

এ বিষয়ে অধ্যক্ষ হাসিবুর রহমান বলেন, মন্ত্রী মহোদয় যখন পরিদর্শনে আসেন। তখন তিনি কলেজের একটি স্টোর রুমে গিয়ে ক্ষুব্ধ হয়েছেন। আমি তখন বলতে পারিনি যে এটা স্টোর রুম।

তিনি আরও বলেন, আমার চাকরির আর মাত্র পনের দিনের মতো আছে। এখন আমার কী করেন, তারাই বলতে পারবেন। ডিজি মহোদয় বলেছেন, প্রথমে শোকজ করবেন।

পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, মহামারি করোনা পরিস্থিতি ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, আমরা আজকে এখানে এসেছি জানিয়ে। আমরা প্রায়শই জানিয়ে না জানিয়ে সব জায়গায় যাবো। কোথাও যদি কোনো নিয়মের ব্যত্যয় দেখি তাহলে সংশ্লিষ্ট যারা থাকবেন শিক্ষক কর্মকর্তা বা আমার অধিদপ্তরের কর্মকর্তা হোন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের মার্চে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। সংক্রমণ কিছুটা কমায় রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed