Main Menu

সিলেট-৩ আসনে জামানত হারালেন শফি-জুনায়েদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বীর একজন হলেও ভোটের ফলাফলে জামানত হারালেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি দলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী। তার পথ অনুস্মরণ করে বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়াও জামানত হারালেন।

নির্বাচনে মোট ভোট কাস্টের এক অষ্টমাংশ না পাওয়ায় তাদের দু’জনের জামানত বাজেয়াপ্ত হয়।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন মাত্র ৬৪০ ভোট। হিসেব অনুযায়ী শফি আহমদ চৌধুরী কাস্ট ভোটের ৪.২৫ শতাংশ ও জুনায়েদ মোহাম্মদ মিয়া মাত্র ০.৫৩ ভোট পেয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সবগুলো কেন্দ্র মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। সে হিসেবে বেসরকারি ফলাফলে সিলেট-৩ আসনে ৬৫ হাজার ৩১২ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে শনিবার সকাল ৮টায় ১৪৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই দিনভর অনেকটা নীরবতার মধ্যদিয়েই শেষ হয় উপ-নির্বাচনের ভোটগ্রহণ।

এর আগে চলতি বছরের ১১ মার্চ এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হলেও কয়েক দফায় পিছিয়ে চূড়ান্ত হয় ৪ সেপ্টেম্বর। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৯টি। আর মোট ভোটার ৩ লক্ষ ৪৯ হাজার ৮ শত ৭৩ জন।

মোট প্রায় সাড়ে ৩ লাখ ভোটারের মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী ১ লক্ষ ২০ হাজার ৫৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আতিকুর রহমান আতিক, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করলেও স্বতন্ত্র থেকে মোটরকার প্রতীকে শফি আহমদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে জুনায়েদ মোহাম্মদ মিয়াসহ মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

Share





Related News

Comments are Closed