Main Menu

সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২৮৮ জন। রোববার (২৯ আগস্ট) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দশম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ১১ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

গত বছরের ১ মার্চ আড়াই হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৮ জানুয়ারি এ পদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে মোট ১০০টি প্রশ্ন ছিল।

২৮ ফেব্রুয়ারি এমসিকিউর ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৮ জন। এরপর ১১ জুন তাদের চার ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হয়।

লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ নিয়ে পরবর্তী করণীয় সম্পর্কে পিএসসির ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছে।

লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

Share





Related News

Comments are Closed