Main Menu

সোনাই নদী ও হাতনি বিলে মিলল যুবক-যুবতীর লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে সোনাই নদী থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।

শনিবার (৭ আগষ্ট) দুপুরে মাধবপুর থানার এসআই ফজলে রাব্বী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামে সোনাই নদীতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা মাধবপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আনুমানিক ৩০/৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির হাফ পেন্ট পরা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগে উজান থেকে লাশটি নদীর পানিতে ভেসে এসেছে।

এদিকে একইদিন দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ের চরনারচর ইউনিয়নের হাতনি বিল এলাকার গোপালপুর দক্ষিণ হাটির পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে সকালে স্থানীয় বাসিন্দারা ভাসমান লাশটি দেখে দিরাই থানা পুলিশকে সংবাদ দেন। দুপুরে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

সরেজমিনে স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, চরনারচর ইউনিয়নের গোপালপুর দক্ষিন হাটির সামনে হাতনি বিল এলাকা থেকে ঢেউয়ে পানিতে ভেসে একটি ভাসমান লাশ তাদের গ্রামের পাশে আসে। গ্রামের কয়েকজন কাছে গিয়ে মহিলার লাশ হিসেবে নিশ্চিত করে। পরে থানা পুলিশে খবর দিয়েছে এলাকাবাসী।

দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম আলী বলেন, খবর পেয়ে গোপালপুর দক্ষিণ হাটির সামনে থেকে অজ্ঞাত যুবতির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের বয়স অনুমান ২৫ হতে পারে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করছেন।

Share





Related News

Comments are Closed