Main Menu

ভার্চুয়াল মুদ্রা লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

বৈশাখী নিউজ ডেস্ক: ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষের ইস্যু করা মুদ্রা নয়। তাই, ভার্চুয়াল মুদ্রা লেনদেনে থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে স্পষ্টীকরণ বার্তায় এ আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে, কোনো ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নয়। আর্থিক ও আইনগত ঝুঁকি এড়ানোর লক্ষ্যে যেকোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন, প্রচার থেকে বিরত থাকতে হবে।

মূলত, অনলাইনভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রায় অর্থমূল্য পরিশোধ ও নিষ্পত্তি করা হয়। এসব মুদ্রা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের স্বীকৃত না হওয়ায় গ্রাহকরা ভার্চুয়াল মুদ্রার সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক থেকে আরও বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইন্টারনেট থেকে জানা যায় যে, অনলাইনভিত্তিক ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি, যেমন: বিটকয়েন, ইথারিয়াম, রিপল ইত্যাদি বিবিধ বিনিময় প্ল‌্যাটফর্মে লেনদেন হচ্ছে। এসব ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষের ইস্যু করা বৈধ মুদ্রা নয়, তাই এর বিপরীতে কোনো আর্থিক দাবির স্বীকৃতিও থাকে না। এসব মুদ্রায় লেনদেন বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা অনুমোদিত না হওয়ায় এসব ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর দ্বারা সমর্থিত হয় না। অনলাইনে নামবিহীন বা ছদ্মনামিক প্রতিসঙ্গীর সঙ্গে ভার্চুয়াল মুদ্রায় লেনদেনের দ্বারা অনিচ্ছাকৃতভাবে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে। তাই বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রায় লেনদেন বা এসব লেনদেনে সহায়তা প্রদান ও এর প্রচার থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

Share





Related News

Comments are Closed