দেশে করোনায় আরও ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫,২৭১
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার (২৮ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের। এছাড়া গত মঙ্গলবার ২৫৮ জন, সোমবার ২৪৭ জন, রোববার ২২৮ জন, শনিবার ১৯৫ জন, শুক্রবার ১৬৬ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৭১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ৯৮২ জনের। পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৬৪ হাজার ৮৭০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৩ জন পুরুষ এবং ১১৬ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৫০ জন এবং নারী ৬ হাজার ৫০৫ জন। এদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৬ জন। এছাড়া চট্টগ্রামে ৫৭, রাজশাহীতে ১৩, খুলনায় ৪৫, বরিশালে ১৪, সিলেটে ১৪, রংপুরে ১১ ও ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১, ৮১ থেকে ৯০ বছরের ১৪, ৭১ থেকে ৮০ বছরের ৪৩, ৬১ থেকে ৭০ বছরের ৬৫, ৫১ থেকে ৬০ বছরের ৫৭, ৪১ থেকে ৫০ বছরের ২৬, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ১৪, ১১ থেকে ২০ বছরের ৩ এবং শূন্য থেকে ১০ বছরের এক শিশু মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed