Main Menu

নরসিংদীতে নদীতে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে মেঘনার শাখা নদীতে ডুবে তাবাসসুম আক্তার (৭) ও শিউলি আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে মেঘনার শাখা নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত তাবাসসুম আক্তার কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে ও শিউলি আক্তার তোফাজ্জল শিকদারের মেয়ে। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।

আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, বিকেলে দুই চাচাতো বোন বাড়ির অদূরে ঘাটে মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এ সময় তারা গোসল ও পানিতে খেলা করার সময় তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি নরসিংদী মডেল থানাকে জানানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed