Main Menu

দেশে করোনায় আরও ১৪৩ মৃত্যু, শনাক্ত ৮৩০১

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনায় গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে। এ ছাড়া এসময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৮ হাজার ৩০১ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।

এর আগে, বুধবার (৩০ জুন) দেশে আরও ১১৫ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হয় আরও ৮ হাজার ৮২২ জন। দেশে এর আগে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত রোববার (২৭ জুন)। সেদিন মৃত্যুর মিছিলে যোগ হয়েছিল আরও ১১৯ জন।

চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় তৃতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। এছাড়া গত ১৬, ১৭, ১৮ ও ২৫ এপ্রিল ধারাবাহিকভাবে শতাধিক মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৪৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ২৮৬ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৬২ হাজার ৩৯৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৮২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৫৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed