Main Menu

সিলেট-৩ আাসনে উপ-নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সমর্থনকারীদের স্বাক্ষর ঠিক না থাকায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন-ফাহমিদা হোসেন রুমা ও শেখ জাহেদুর রহমান মাসুম। মনোনয়নপত্রে নিয়ম অনুযায়ী সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল পাওয়া যায়। সমর্থনকারীদের স্বাক্ষরে মিল না পাওয়ায় বাতিল করা হয় এই দুই প্রার্থীর মনোনয়নপত্র।

তবে, আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আলহাজ্ব শফি আহমদ চৌধুরীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৭ জুন) বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল ও বৈধ ঘোষণা করা হয়।

সিলেট-৩ আসন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন জানান, বাছাইকালে ৪ জনের মনোনয়নপত্র বৈধ পাওয়া যায়। অন্য ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে সমর্থনকারীদের স্বাক্ষরে মিল পাওয়া যায়নি। এজন্য তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে, তারা ইচ্ছে করলে আপীল করতে পারবেন।

বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে নগরের মেন্দিবাগস্হ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। এসময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। বাছাইকালে খুটিনাটি বিষয়সহ মনোনয়নপত্রে কোন ভুল, ঋন ফেলাপি ইত্যাদি বিষয় দেখা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার আপীল করতে পারবেন। আগামী ২১ ও ২২ জুন সোম ও মঙ্গলবার আপীলের নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন বুধবার। প্রতীক বরাদ্দ ২৪ জুন বৃহস্পতিবার। আগামী ২৮ জুলাই এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১১ মার্চ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যাওয়ায় আসনটি শুন্য ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed