Main Menu

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (৭ জুন) বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় সদর ও তালা উপজেলায় এক নারীসহ তিনজন মারা যান। একই সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রাজশাহীর চারঘাটে চারজন ও দিনাজপুরের হিলিতে প্রাণ যায় দুই শিশুর। মেহেরপুরেও মারা যান একজন।

দিনাজপুরের হিলিতে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহাসিনা (১২) ও মোফাসিরা (১১) নামে আপন দুই বোন মারা গেছে। সোমবার (৭ জুন) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশে আম বাগানে আম কুঁড়াতে যায় দুই বোন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মৃত দুই বোন লোহাচড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। বড় মেয়ে পাউশগড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং ছোট মেয়ে সরঞ্জাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

এদিকে, রাজশাহীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। দুপুর পৌনে ৪টার দিকে রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামটি রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে অন্তুভুক্ত।

নিহতরা হলেন- ওই গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম ও কাবিল হোসেনের স্ত্রী বৃদ্ধা আলেয়া খাতুন বাবলী, শিশু পরশ এবং সোহান। এ ঘটনায় আহত ছয় বছরের এক শিশু এবং ১৫ বছরের এক কিশোর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, দুপুরের দিকে ঝড় শুরু হলে এসময় চারঘাটের ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি আম বাগানে স্থানীয় নারী ও শিশুরা আম কুড়াতে যায়। তখন বজ্রপাত হলে মুক্তা বেগম ও আলেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। আর শিশু পরশ ও সোহান গুরুতর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহত অপর দুই শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হবে।

এছাড়াও মেহেরপুরেও মারা যান একজন।

Share





Related News

Comments are Closed