আগামী জুনেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী বছরের জুনেই সেতু উদ্বোধন করা হবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ শতাংশ।
রোববার (৬ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সেতুর নিচতলায় রেললাইনে বাকি থাকা ৯শ’ মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো চলছে এখন। ২ হাজার ৯শ’ ৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে ২ হাজার ৬ শ’ ২০টি এবং ২ হাজার ৯শ’ ১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে ২ হাজার ৪শ’ ১০টি স্থাপন হয়ে গেছে।
লুক্সেমবার্গ থেকে আনা প্রতিটি সাড়ে ৭ মেট্রিক টন নতুন স্ট্রেনজার স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারি ভারি যন্ত্র। সেতুর পূর্ণাঙ্গতার কর্মযজ্ঞে সর্বাত্মক লকডাউনেও অংশ নিচ্ছেন হাজারও শ্রমিক। ১২ গ্রুপে নতুন ৪৮টি স্ট্রেনজার বসছে। বাকিগুলোও এই মাসের মধ্যে বসানোর টার্গেট রয়েছে।
প্রতিটি স্প্যানে বসছে ৩২টি করে স্ট্রেনজার। এরপরই বসনো হচ্ছে স্ল্যাব। পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই রেল চালু করতে কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সঙ্গে ৫ দশমিক দুই পাঁচ কিলোমিটার রেল সংযোগ সেতুর কাজ শেষপর্যায়ে। দুই প্রান্তের রেল সংযোগ সেতুর পরিবর্তন হওয়া অংশটুকুও নতুন নকশা অনুযায়ী বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
এক হাজার ৩১২টি রেলওয়ে স্ট্রেনজারের মধ্যে বসে গেছে এক হাজার ২০০টি। আর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের ২ হাজার ৬৮৪টি বসে গেছে। বাকি মাত্র ৯ শতাংশ কাজ এবং গ্যাসলাইন স্থাপনের পরই মূল সেতুতে রেললাইন তৈরির জন্য রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।
২০২২ সালের জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন ও রেলপথ চলাচলের আশার কথা জানান পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী।
সৈয়দ রজব আলী বলেন, এ কাজ শেষ হওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আগামী বছর রেলওয়ে ট্র্যাক বসানোর দায়িত্ব দিয়ে দেয়া হবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক গোলাম ফখরুদ্দিন চৌধুরী বলেন, পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই রেল ট্র্যাক বসানো হবে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। তবে ঢাকা-মাওয়া অংশের কাজ শেষ হবে ২০২৪ সালের মধ্যে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed