Main Menu

সিলেটে বোনের লাশ নিয়ে যাওয়ার পথে ভাই নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : বোনের লাশ আনতে গিয়ে লাশ হলেন এক ভাই। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার হাজরাই নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বায়েজিদ আহমদ। তিনি উপজেলার কামালবাজারের পুরাণগাঁও তালুকদার বাড়ির সুনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদের চাচাতো বোন সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার লাশ আনতে গিয়েছিলেন পরিবারের কয়েকজন সদস্য।

তারা যখন এ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে ফিরছিলেন, বায়েজিদ তখন নিজের মোটরসাইকেল নিয়ে তাদের সঙ্গী হয়েছিলেন। কিন্তু চাচাতো বোনের লাশ নিয়ে তার আর বাড়ি ফেরা হয়নি। পথিমধ্যে দক্ষিণ সুরমার হাজরাই নামক স্থানে বাইপাস সড়কে তার মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। মুহূর্তেই মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বায়োজিদ। সেই সাথে ছিন্নভিন্ন হয়ে পড়ে বায়েজিদের শরীর।

স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

দুর্ঘটনার বিষয়ি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি জানান, তারা একজনকে আটক করে থানায় নিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা গেছে, নিহত বায়েজিদ আহমদ যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লোকজন কাঁদতে কাঁদতে দায়ী ট্রাকচালকের ফাঁসি দাবি করেন। ট্রাকটি লাফার্জ সিমেন্টের স্থানীয় ডিপোর মালামাল বহন করছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Share





Related News

Comments are Closed