Main Menu

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। তবে স্থলপথে ভারত থেকে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।

শনিবার (৮ মে) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল থেকে সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। আগামীকাল ৯ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১০ মে থেকে আরও ১৪ দিন সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম দফার মতো এবারও বাংলাদেশের যে নাগরিকেরা চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম, কেবল তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি- এই তিন সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

অনুমতি পত্র ও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। আর অনুমতিপত্র পেতে প্রয়োজনীয়তা, পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে আবেদন করতে হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে।

Share





Related News

Comments are Closed