হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন বাবুনগরী
বৈশাখী নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় থেকে রোববার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী।
সংগঠনের ২৫ জনের বেশি নেতা গ্রেপ্তার এবং সরকার পতনের ষড়যন্ত্রের সম্পৃক্ততার অভিযোগের মধ্যে আচমকা এ সিদ্ধান্ত এলো।
১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতাদের পরামর্শক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। ইনশাআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দিন থেকে হেফাজত কর্মীরা দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়। এতে পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৮ জন। এর পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল থেকে শুরু হয় গ্রেপ্তার অভিযান। এ পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ–সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলায় প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা গ্রেপ্তার হচ্ছেন। এই পরিস্থিতিতে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির কমিটি বিলুপ্তির ঘোষণা দিলেন বাবুনগরী।
এর মধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে নারীসহ জনতার হাতে ধরা পড়েন। এতে নতুন করে বিতর্কের মুখে পড়ে হেফাজত।
সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা শুরু থেকেই সমঝোতার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তারা গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
গত সপ্তাহে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বাসায় দেখা করে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সরকারের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত বর্তমান কমিটি ভেঙে দিলেন হেফাজত নেতারা।
এর আগে হেফাজতে ইসলামের সহিংসতার পর চলমান পরিস্থিতিতে দেশের কওমি মাদ্রাসাগুলোর ছাত্র-শিক্ষকদের রাজনীতিতে জড়ানো নিষিদ্ধ করে সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। রোববার বোর্ডটির স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed