Main Menu

মার্কেট খোলার দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা প্রতিরোধে লকডাউন ঘোষণায় বন্ধ রয়েছে গণপরিবহনসহ মার্কেট। এই অবস্থায় লকডাউনে মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় স্থানীয় মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। এর বাইরে নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরাসহ দেশের বিভিন্নস্থানে মার্কেট খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে দুই শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে।

মাজহারুল ইসলাম নামে আরেক ব্যবসায়ী বলেন, এ লকডাউন আমরা মানি না। গত বছর লকডাউনে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছি। স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানলে সামনে আমরা কঠোর আন্দোলনে যাব।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান। তবে এ সময় পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এর আগে সোমবারও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এছাড়া ঢাকার নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরাসহ দেশের বিভিন্নস্থানে মার্কেট খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

Share





Related News

Comments are Closed