Main Menu

গোলাপগঞ্জে যুবদলের ৮২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামী করে এ মামলা (নং-৩২/২৯-০৩-২০২১ইং) দায়ের করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

তিনি বলেন, রোববার গোলাপগঞ্জে হেফাজতের হরতাল কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছিল। কিন্তু ওইদিন বিকেলে যুবদলের নেতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে পৌর শহরের চৌমুহনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালায়। এতে ওসি (তদন্ত) নাজমুল হাসানসহ ৪ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের নেতাকর্মীদের পুলিশ গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৌর শহরের চৌমুহনীতে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় পুলিশ চৌমুহনী এলাকায় শক্ত অবস্থান গ্রহণ করে মিছিলের কাছাকাছি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে শুরু হয় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হলে আতংক ছড়িয়ে পড়ে পুরো পৌর শহরে। এ সময় সংঘর্ষে ৪জন পুলিশ সদস্য ও যুবদল-ছাত্রদলের ৫/৬ জন নেতাকর্মী আহত হন।

এদিকে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা জানান, নেতাকর্মীরা হেফাজতের কর্মসূচীকে সমর্থন করে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল কিন্তু পুলিশ তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় তাদের ৬জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তারা।

Share





Related News

Comments are Closed