Main Menu

সিলেটে আরও ৩০ জনের করোনা শনাক্ত, সুস্থ ২০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সর্বাধিক সিলেট জেলায়ই ১৭ জন। এইদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় আরও একজন করোনায় আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে আরও একজন ও মৌলভীবাজার জেলায় ৭ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন রোগীর শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

একইদিনে সিলেট বিভাগে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ২৪৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৮ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ৩ জন, ১ জন হবিগঞ্জে ও মৌলভীবাজারে ৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৬৮০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৬ জন।

Share





Related News

Comments are Closed