Main Menu

বিশ্বনাথে শিশু হত্যা মামলায় মহিলা গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে শিশু রবিউল ইসলাম (১২) হত্যার ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে মাজেদা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাশ্ববর্তি করপাড়া (নোয়াগাঁও) গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেন মামলা তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মা।

এরআগে মঙ্গলবার রাতে নিহত রবিউলের পিতা আকবর আলী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৯।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নওধার-রহমাননগর গ্রামের বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয়ে যায় রবিউল। ওইদিন বাড়ি না ফেরায় উপজেলাজুড়ে মাইকিংসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। কিন্তু কোথাও কোন সন্ধান না পেয়ে অবশেষে ওইদিন রাতে রবিউলের বাবা আকবর আলী বিশ্বনাথ থানায় একটি জিডি এন্ট্রি করেন, (জিডি নং ৫৪৩)। কিন্তু পরদিন মঙ্গলবার সকালে রবিউলকে পাওয়া যায় ঠিকই, তবে জীবিত নয়। ওইদিন ‘রামপাশা-বৈরাগী বাজার’ সড়কের বাল্লার ব্রিজের পার্শ্ববর্তি ডোবা থেকে শিশু রবিউলের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, শিশু রবিউল হত্যার অপর আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

 

Share





Related News

Comments are Closed