Main Menu

ধর্ষণের প্রতিবাদে ২৫০ কি.মি. হাঁটলেন দুই শিক্ষার্থী!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারা দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে আরিফ সোহেল ও কাজী মেহেদী হাসান নামের দুই তরুণ পদযাত্রার মাধ্যমে ঢাকা থেকে সিলেট এসেছেন।

শনিবার (১০ অক্টোবর) তাঁরা সিলেট এসে পৌঁছান। পরে তারা সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন।

দেখা গেছে, দুই তরুণের গায়ে বাংলাদেশের পতাকা জড়ানো। হাতে ধর্ষণবিরোধী দুটি প্ল্যাকার্ড। তাতে লেখা ‘গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ধর্ষণবিরোধী জনতার ঐক্য গড়ে তোল’। অন্যটিতে লেখা, ‘ধর্ষণের প্রতিবাদে ঢাকা থেকে সিলেট পর্যন্ত পদযাত্রা’।

শনিবার দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়ান তাঁরা।

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণসহ দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নারীদের যৌন নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ জানাতে ঢাকা থেকে প্রায় ২৫০ কিলোমিটার পথ হেঁটে সিলেটে পাড়ি দিয়েছেন দুই শিক্ষার্থী।

এই দুই শিক্ষার্থী হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ সোহেল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ইংরেজি সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী মেহেদী হাসান।

জানা গেছে, তাঁরা দিনের বেলা হাঁটতেন, রাতে কোনো আবাসিক হোটেলে থাকতেন। এভাবে করে ছয় রাত পর শনিবার সকালে সিলেটে পৌঁছান। শনিবার বিকেলে তাঁরা এমসি কলেজে শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। রোববার সকালে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আরিফ ও মেহেদী জানান, তাঁরা হেঁটে ৪ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রওনা হন। পথে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, পুটিজুড়ি হয়ে শনিবার সকাল ১০টায় লালাবাজারে পৌঁছান। এসব এলাকায় তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন, সমাবেশ ও প্রতিবাদী জনতার সমাবেশে যোগ দিয়েছেন তাঁরা।

Share





Related News

Comments are Closed