Main Menu

সিলেটে একদিনে নতুন সংক্রমিত ৭৩ জন, সুস্থ ৫৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও ৫৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে বিভাগে এ সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে নতুন শনাক্ত ৭৩ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, মৌলভীবাজারে ৩ জন ও সুনামগঞ্জে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদিন হবিগঞ্জ জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি।

একই সময়ে সুস্থ হওয়া ৫৮ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৫১ জন। সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৯১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৫৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় বর্তমানে ৫৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ১০৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২১ জন।

Share





Related News

Comments are Closed