Main Menu

সিলেটে তরুণের ৫৫ হাজার টাকা হাতিয়ে নিলো বিকাশ চক্র

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক তরুণের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিলো প্রতারকচক্র। কষ্টার্জিত এই টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই তরুণ। তিনি এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় জিডি করেছেন।

প্রতারণার শিকার তরুণ সিলেটের মোগলাবাজার থানা এলাকার সুলতানপুর গ্রামের ফজর আলীর ছেলে মো. জাহেদ উদ্দিন। তিনি শহরতলির শিববাড়ি এলাকার জৈনপুর মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও একজন কুরআনে হাফিজ।

মো. জাহেদ উদ্দিন গণমাধ্যমকে জানান, গত সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ০১৮১৭-১৩৮৭১৫ এই মোবাইল নাম্বার থেকে জাহেদের ব্যবহৃত মােবাইল নাম্বার (০১৩০১-৭৩৩৬৮৪)-এ কল করে বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে এক লোক বলে- জাহেদের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করা হবে। কারণ জানতে চাইলে জাহেদকে ওই প্রতারক বলে, জাহেদ যদি বিকাশ অ্যাকাউন্ট চালু রাখতে চান তবে মেসেজের মাধ্যমে একটি পিন নাম্বার আসবে। সেই পিন নাম্বারটি জাহেদ যেন ওই লোককে বলেন।

কিছুক্ষণের মধ্যেই জাহেদের বিকাশ অ্যাকাউন্ট করা মোবাইল নাম্বারে একটি পিন নাম্বার আসে এবং সেটি জাহেদ ওই ব্যক্তিকে বলেন। তৎক্ষণাৎ জাহেদের বিকাশ অ্যাকাউন্টে থাকা ৫৫ হাজার টাকা প্রতারকচক্রের দুটি মোবাইল ফোন নাম্বার (০১৭৬৬০৪০২৮৩-এ ৩০ হাজার ও ০১৬০৮১৪৬৭৩৮-এ ২৫ হাজার টাকা) চলে যায়।

তখনই জাহেদ প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরবর্তীতে প্রতারকচক্রের ৩টি মোবাইল ফোন নাম্বারেই জাহেদ ট্রাই করেন, কিন্তু কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

পরে জাহেদ মোগলাবাজার থানায় একটি জিডি করেন। জিডি নং- ২১৮।

Share





Related News

Comments are Closed