Main Menu

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসের যাত্রী হবিগঞ্জ জেলার সদর উপজেলার রায়েরগঞ্জ এলাকার সুন্দর আলীর ছেলে মো. আবদুল্লাহ (৬০) ও আল-আমিন, মোটর সাইকেল আরোহী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। বাসযাত্রী আল-আমিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তখন মোটরসাইকেলের চালক এবং একজন বাস যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ি, খাটিখাতা হাইওয়ে পুলিশ ও সরাইল উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, নিহত ২ জনের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১ জনের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখী দিগন্ত পরিবহনের একটি বাস ইসলামপুর এলাকায় পৌছে মোটরসাইকেলের সাথে মুখোমুখি হয়। পরে মোটরসাইকলটিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী, বাসের দুইজন যাত্রীসহ তিনজন নিহত এবং ১০জন আহত হয়েছে।

Share





Related News

Comments are Closed