Main Menu

সিলেটে কিশোরী ধর্ষণ, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাগিব হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব। আজ শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ এর এএসপি সামিউল আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধর্ষিত ওই কিশোরীকে শুক্রবার (২ অক্টোবর) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ২৯ সেপ্টেম্বর বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাগিব হোসেন নিজু। সে নগরীর দাড়িয়াপাড়া এলাকার মেঘনা ১৪/বি বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকায়। আর ধর্ষিত কিশোরী নগরীর খাসদবির এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। সে নগরীর আরেকটি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার ছালিয়া গ্রামে।

জানা যায়, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হয়। আপোষ না হওয়ায় শুক্রবার রাতে কিশোরীরা মা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এরআগে গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণ করা হয়। এঘটনায় ছয় ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে মামলা করেন নির্যাতিতার স্বামী। আসামিদের সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

Share





Related News

Comments are Closed