Main Menu

এমসিতে ধর্ষণ: আসামি মাহফুজ ৫দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের গৃহবধূ ধর্ষণের ঘটনায় মাহফুজুর রহমান মাসুমের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

এসময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রানীল ভট্টাচার্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানী শেষে আদালতের বিচারক আবুল কাশেম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওই সময় আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান এই মামলার আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরদিন মঙ্গলবার একই আদালতে শাহ মো. মাহবুবুর রহমান রনি, রাজন আহমদ ও আইনুদ্দিনেরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন যুবক জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।

এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগীর স্বামী।

মামলায় এজাহারভূক্ত ছয়জনসহ মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার গ্রেপ্তার হওয়া তারেক ছাড়া বাকী ৭ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed