Main Menu

রাজধানীতে জাল স্ট্যাম্প-টাকাসহ গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর রমনায় জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য চার কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলফাজ উদ্দিন (৬১) ও মো. মাসুদ (৪০)।

এসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের মধ্যে আলফাজ উদ্দিন ঢাকা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সহকারী হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মাসুদ জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকা তৈরির মূল হোতা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজ উদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প বিক্রির হোতা মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, জাল ডলার, জাল টাকা ও জাল স্ট্যাম্প বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগেও জাল-জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মাসুদ। দীর্ঘ আট বছর এই জাল জালিয়াতি ব্যবসার সঙ্গে তিনি জড়িত। তিনি এই ব্যবসার মূল হোতা বলে জানায় ডিবি পুলিশ।

Share





Related News

Comments are Closed