Main Menu

২৫ জুলাই থেকে আভ্যন্তরীণ ফ্লাইট চালাবে বিমান

বৈশাখী নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারীর মধ্যে বেবিচকের অনুমতি পেয়েও যাত্রী সঙ্কটের কথা বলে এতদিন আভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখলেও কোরবানির ঈদের আগে তা চালু করতে যাচ্ছে।

আগামী ২৫ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে বিমান নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, প্রতিদিন এই তিন রুটের আসা যাওয়াসহ চট্টগ্রামে ৬টি, সিলেটে ৬টি ও সৈয়দপুরে ৪টি অর্থাৎ ১৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

মহামারী শুরুর আগের ভাড়াতেই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর কারণে গত মার্চ থেকে বাংলাদেশে সাতটি আভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল প্রায় আড়াই মাস।

বিধিনিষেধ শিথিল হওয়ার পর ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল শুরু হয়।

ফ্লাইট চালুর প্রথমদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে আসা-যাওয়াসহ দুটি করে সর্বমোট ৬টি ফ্লাইট ছিল বিমানের। তার মধ্যে কেবল সৈয়দপুর রুটে দুটি ফ্লাইটই পরিচালিত হয়েছে।

এরপর যাত্রী সংকটের কথা জানিয়ে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় বিমান; যদিও বেসরকারি বিমান সংস্থাগুলো এসব রুটে ফ্লাইট চালিয়ে আসছে।

চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরের পর ১১ জুন যশোর এবং ১২ জুলাই বরিশাল রুটে এবং ২১ জুলাই রাজশাহী রুটে ফ্লাইট চালুর অনুমতিও দেয় বেবিচক। তবে তখনও বিমান এসব রুটে ফ্লাইট পরিচালনায় নামেনি।

Share





Related News

Comments are Closed