Main Menu

তুরাগ নদীতে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ দুই কিশোরের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

এর আগে রবিবার দুপুরে নিখোঁজ হয় সিটি করপোরেশনের টান কড্ডা এলাকার রবীন্দ্র নাথ মোহন্তের ছেলে দুর্জয় নাথ মোহন্ত এবং নাওজোর এলাকার আবু সাইদের ছেলে শাকিব।

পুলিশ জানায়, রবিবার দুপুর ১২ টার দিকে কড্ডার তুরাগ নদীতে রাবারের টিউব নিয়ে গোসল করতে নামে ৬ কিশোর। এক পর্যায়ে পানির তিব্রস্রোতে টিউব উল্টে গেলে দুর্জয় এবং শাকিব পানিতে তলিয়ে যায়। এসময় সাঁতরে তীরে ওঠে তাদের সঙ্গী মিজান, আসিফ, ইসমাইল এবং ইয়াসিন। পরে তারা নিখোঁজ কিশোরদের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরদের উদ্ধারে অভিযানে নামে। তবে তিব্রস্রোত ও সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

সোমবার দুপুরে তুরাগ নদীর ৫-৬ কিলোমিটার অদূরে দূর্জয় মোহন্তের মরদেহ ভেসে ওঠে। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই কিশোরের মধ্যে দুর্জয় মোহন্তের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। তবে অপর কিশোর শাকিবের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed