ঈদে গণপরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ: নৌ-প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের পরিস্থিতিতে ঈদের আগে ৫ দিন এবং ঈদের পরে ৩ দিন গণপরিবহন বন্ধের যে সিদ্ধান্ত জানানো হয়েছিল তা ভুল বোঝাবুঝি বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, আজকে বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের ৫ দিন এবং পরে ৩ দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যে কোনো পরিবহন বন্ধ থাকবে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণী এক বৈঠকে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন আজকে বৈঠক শুরু করেছিলাম তখন আমরাও বলেছিলাম গণপরিবহন ঈদের আগে ৫ দিন ও ঈদের পরে ৩ দিন বন্ধ থাকবে।
খালিদ মাহমুদ বলেন, পরবর্তীতে আমাদের সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন পণ্যবাহী যে কোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে। কিন্তু আমাদের গণপরিবহন, গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরি চালু থাকবে।
সে ক্ষেত্রে ট্রেন বা বাসও কি চলাচল করতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটার সমন্বয় করে নেব। আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন-বাসও চলবে।
এদিকে, ঈদুল আজহায় ট্রেন চলাচল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
করোনা বিস্তাররোধে সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এবার ঈদুল আজহার ছুটি বাড়ছে না, ছুটি তিন দিনই থাকছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed