Main Menu

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে পৌনে ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৯১১ জনে।

এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯২ লাখ ৩৭ হাজার ৬৯১ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত ব্রাজিল ও রাশিয়া যথাক্রমে ১১ লাখ ৪৫ হাজার ৯০৬ এবং ৫ লাখ ৯৮ হাজার ৮৭৮ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

করোনায় ব্রাজিলে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৬৪৫ জনের এবং রাশিয়ায় মারা গেছেন ৮ হাজার ৩৪৯ জন।

রাশিয়ার পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ এবং মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ২১৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশ পরিস্থিতি:

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মারা গেছে ১৫৮২ জন। আর আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৬৬০ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৯ হাজার ৬৬৬ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Share





Related News

Comments are Closed