Main Menu

সোনার দাম বাড়ছে ঘোড়ার গতিতে

বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে আন্তর্জাতি বাজারে সোনার দামে আগুন লেগেছে। গত কয়েকদিন টানা দাম বাড়ার প্রবণতায় বুধবার (২৪ জুন) লেনদেনের শুরুতেই প্রতি আউন্স সোনার দাম উঠেছে ১ হাজার ৭৭০ ডলার।

বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বিনিয়োগের কথা মাথায় রেখেই বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ কিনে মজুদ করছেন। এ কারণেই আন্তর্জাতিক বাজারে হুড় হুড় করে বাড়তে শুরু করেছে সোনার দাম।

সবশেষ গত ৮ বছর আগে ২০১২ সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম উঠেছিল ১ হাজার ৭৭০ ডলার। ৮ বছর পর এবারই প্রথম সেই রেকর্ড ছুঁয়ে ফেললো সোনার দাম।

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরু থেকেই সোনার দাম বাড়তে শুরু করে। গেল বছরের শেষ দিকে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৪৫৪ ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ১ হাজার ৬৬০ ডলার।

গেল মার্চে সোনার দামে দরপতন হলেও মে মাসে আবারও তা বেড়ে যায়। সবশেষ গেল সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় ১ হাজার ৭৪৩ ডলার। তাতে করে বছরের ব্যবধানে সোনার দাম বাড়ে ২৩ শতাংশ।

চলতি সপ্তাহের প্রথম দিন কার্যদিবসেই স্বর্ণের দাম বাড়ে। সবশেষ আজ বুধবার এশিয়া অঞ্চলের বাজারে লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ১ হাজার ৭৭২ ডলারে উঠে যায়। এতে করে সপ্তাহের ব্যবধানে আড়াই শতাংশ ও বছরের ব্যবধানে প্রায় সাড়ে ২৪ শতাংশ বাড়লো সোনার দাম।

এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় গেল সোমবার (২২ জুন) বাংলাদেশের বাজারেও সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। অন্যান্য স্বাভাবিক সময়ে ভরিতে এক থেকে দেড় হাজার টাকা বাড়ানো হলেও এবার এক লাফে ভরিতে বাড়ানো হয় ৫ হাজার ৭১৫ টাকা। গতকাল ২৩ জুন মঙ্গলবার থেকে দেশের বাজারে এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ৪৭ হাজার ৬৪৭ টাকায়।

Share





Related News

Comments are Closed