Main Menu

সিলেট জেলায় আরো ৪১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৪১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তন্মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস।

আক্রান্ত ৫ চিকিৎসক হলেন- ডা. শাহিনারা ইসলাম, ডা. নমিতা রায় চৌধুরী, ডা. হিতাংশু শেখর পাল, ডা. কানিজ ফাতেমা চৌধুরী ও ডা. তুহিন বড়ুয়া তমাল।

শনাক্তকৃত নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন, কানাইঘাটের ২ জন, গোলাপগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন।

এছাড়া সুনামগঞ্জের ছাতকের ১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার ১ জন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।

এদিকে, সবমিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ২৮৪২ জন। তন্মধ্যে সিলেট জেলায় ১৬৪১ জন, সুনামগঞ্জে ৭১১ জন, মৌলভীবাজারে ২২৯ জন এবং হবিগঞ্জে ২৬১ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ৬০৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২২০ জন, সুনামগঞ্জে ১৪৫ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ৮৫ জন রয়েছেন।

আক্রান্তের পাশাপাশি এ বিভাগে মোট মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪৩ জন। এছাড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জে ও হবিগঞ্জে ৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৫ জন, সুনামগঞ্জে ১০১ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Share





Related News

Comments are Closed