Main Menu

দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩০ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশে নতুন মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন এবং চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে একজন, বরিশাল বিভাগে দুই জন, রংপুর বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে দুই জন, খুলনা বিভাগে দুই জন।

বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন, ১০ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে মারা গেছেন ১২ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৬৫৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

বিশ্ব পরিস্থিতি

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ এবং আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এছাড়া কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ৩০ লাখেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫০৩ জন, যা বিশ্বে সর্বোচ্চ। তাদের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬২৫ জনে।

এদিকে, অল্প সময়ের মধ্যে ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ।

Share





Related News

Comments are Closed