Main Menu

স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন বানালো কেনিয়ার শিশু

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারীর সময় স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন বানিয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কেনিয়ার ৯ বছরের এক স্কুলশিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর নাম স্টিফেন ওয়ামুকোটা। সে কেনিয়ার পশ্চিম অংশের বুনগোমা এলাকার বাসিন্দা।

সংবাদ সংস্থা এএফপি তাদের ইউটিউব চ্যানেলে এই যন্ত্রের একটি ভিডিও আপলোড করেছে।

সেখানে দেখা গেছে, স্টিফেন কাঠ, পেরেক আর ছোট একটি পানির ড্রাম দিয়ে তৈরি করেছে এই হাত ধোয়ার মেশিন। যেটি ব্যবহার করার জন্য হাত দিয়ে মেশিন স্পর্শ করার প্রয়োজন নেই।

স্টিফেনের যন্ত্রটি একটি কাঠামোর মতো দেখতে। যেখানে দুটি প্যাডেল রয়েছে। একটিতে পা দিয়ে চাপ দিলেই তরল হ্যান্ডওয়াশ বেরিয়ে আসছে। অন্যটিতে চাপ দিলে একটি ড্রাম থেকে পানি পড়ার ব্যবস্থা করা হয়েছে।

নিচে বেসিনের মতো করে রাখা হয়েছে একটি প্লাস্টিকের গামলা। হাত ধোয়া পানি সেই গামলা হয়ে দূরে চলে যাচ্ছে পাইপের মাধ্যমে।

স্টিফেন জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম থেকে সে করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্বের কথা জানতে পারে। তার পরই সে এই যন্ত্রটি তৈরি করে।

এদিকে স্টিফেনের এই যন্ত্রের কথা গণমাধ্যমে প্রকাশের পর রাষ্ট্রপতি পুরস্কারের জন্যও মনোনীত হয় সে।

তবে স্টিফেন একাই নয়, নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর মোট ৬৮ জনের হাতে পুরস্কার তুলে দেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা।

কেনিয়ায় এ পর্যন্ত করোনায় প্রায় ২৬০০ মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত ৮৩ জনের। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Share





Related News

Comments are Closed