Main Menu

সিলেটে মসজিদে মসজিদে হবে ঈদের জামাত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে এবার এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপিত হচ্ছে। সংক্রমণ ঠেকাতে ঈদগাহ ময়দানে ঈদ জামাত আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে সরকার।

ফলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহসহ কোনো ঈদগাহেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে সিলেটের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ মে) সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ ও বন্দরবাজারের হাজী কুদরতউল্লাহ জামে মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর সিলেট কালেক্টরেট মসজিদে অনুষ্ঠিত হবে ৪টি জামাত।

জানা গেছে, শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এরপর সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয়টি।

দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ জানিয়েছেন, জামাতের একটিতে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও অপরটিতে হাফিজ মাওলানা হুজায়ফা হুসাইন।

এদিকে, বন্দরবাজার এলাকার সিলেট কালেক্টরেট মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় এই জামাতগুলো অনুষ্ঠিত হবে।

নগরীর হাজী কুতরত উল্লাহ জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় একটি আর সাড়ে ৯টায় আরেকটি। একটিতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জমান আালমদানি এবং অপরটিতে মসজিদের মোয়াজ্জিন।

অপরদিকে, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আবু হুরায়রা নোমান।

নগরীর কুমারপাড়া জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্টিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়।

উল্লেখ্য, ২৩ মে শনিবার আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জানান নবেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্বনাথ উপজেলায় এবারের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে প্রত্যেক মসজিদে। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পড়তে হবে ঈদের জামাত। জনসমাগম রোধে নিষেধ করা হয়েছে ঈদগাহে জামাত আয়োজনের। এবার কোন ঈদগাহে ঈদের জামাত না পড়তে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। বলা হয়েছে, সামাজিক দূরত্ব মেনে মসজিদে ঈদের জামাত আদায়ের। একটি মসজিদে প্রয়োজনে করা যেতে পারে একাধিক ঈদের জামাত। নির্দেশনার মধ্যে রয়েছে, জামাতে আগে জীবাণুনাশক দ্বারা মসজিদ পরিস্কার করা, মসজিদে কার্পেট না বিছানো, সবাই মাস্ক পরে মসজিদে প্রবেশ করা, দূরত্ব বজায় রাখা, জামাত শেষে কোলাকুলি ও হাত না মেলানো, সবাই নিজ নিজ জায়নামাজ নিয়ে আসা ইত্যাদি।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার সকল মসজিদে এ বার্তা প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed