Main Menu

জাফলংয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম কালা মিয়া (৩৭) উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কান্দুবস্তি গ্রামের বাসিন্দা।তিনি ওই এলাকার মো. গদু মিয়ার ছেলে। কালা মিয়া পেশায় একজন পাথর শ্রমিক।

স্থানীয়রা জানায়, আজ শনিবার ভোরে কালা মিয়া ও তার কয়েকজন সহযোগী মিলে জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য গোয়াইনঘাট সীমান্তের জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় যায়। এ সময় তারা ডাউকি নদীর ঝুলন্ত ব্রীজের নিচ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় মেঘালয় বিএসএফ’র ৩০ ব্যাটালিয়নের ডাউকি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কালা মিয়া মারা যান। পরে তার সহযোগীরা তাকে নিয়ে দ্রুত বাংলাদেশে চলে আসেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, ঠিক কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন, তা খোঁজ নেওয়া হচ্ছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান লেবু এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার খবর পেয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল জামিল ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

Share





Related News

Comments are Closed