Main Menu

দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬১৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১ হাজার ৬১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৩৮ জন।

এই সময়ে দেশে একদিনে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬ জন।

বুধবার (২০ মে) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ১৩৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং তিনজন নারী। তাদের মধ্যে ঢাকা ডিভিশনে ৭ জন, চট্টগ্রাম ডিভিশনে ৫ জন, সিলেট ডিভিশনে ১ জন এবং রংপুর ডিভিশনে ৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ১২ জন এবং বাড়িতে চারজন মারা গেছেন বলে জানান নাসিমা সুলতানা।

এছাড়া এই সময়ে আরও ২১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ৫ হাজার ২০৭ জন।

তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বকেই কাঁপিয়ে দিচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন প্রায় অর্ধকোটি। মৃতের সংখ্যা সোয়া তিন লাখ ছাড়িয়েছে। তবে পৌনে ২০ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

Share





Related News

Comments are Closed