দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে রক্ষা পরিকল্পনামন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে ত্রাণ দেওয়ার জন্য আসার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
বুধবার (২০ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পরিকল্পনামন্ত্রীকে বহনকারী গাড়ির চালক মো. নেসার জানান, পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। প্রটোকলের গাড়িটি সামনেই ছিলো। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে পুনরায় সিলেট রওয়ানা হন।
প্রাইভেটকার চালক মো. আমজাদ বলেন, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ১৬০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিলেন। ভৈরবের নিকটস্থল মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় (জগন্নাথপুর ব্রিজের আগে) পৌঁছালে পুলিশের ব্যারিকেট দেখে সেখানেই যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে এসে পুলিশের প্রটোকলের গাড়ি দেখে হতচকিত হয়ে ব্রেক চাপলে বৃষ্টিভেজা সড়কের পিচে প্রাইভেটকারটি স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে আঘাত করে।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেটের উদ্দেশ্যে পুনরায় রওয়ানা হয়ে গেছেন।
তিনি আরও বলেন, প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ এলে তাদের কাছে চালক ও গাড়ি হস্তান্তর করা হবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed