Main Menu

সিলেটের বিভাগীয় কমিশনার কোয়ারেন্টিনে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনারের পিএস (একান্ত সচিব) সহ তার পরিবারের আরো তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বাসায় আইসোলেশনে আছেন। পিএস আক্রান্ত হবার পর বিভাগীয় কমিশনার কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান।

ডা: আনিস জানান, গতকাল রবিবার (১৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের কোভিড ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে পিএসসহ তার পরিবারের বাকি তিন সদস্যের করোনা পজিটিভ আসে।

জানা গেছে, ওই কর্মকর্তা গত কিছুদিন থেকে জ্বর, সর্দি, কাশি ও শরীরের ব্যথায় ভুগছিলেন। রবিবার ওই কর্মকর্তা, তার স্ত্রী, ছেলে ও স্ত্রীর বোনের (শ্যালিকা) শরীরের নমুনা ওসমানী মেডিকেলের ল্যাবে পরীক্ষা করা হয়। তাদের ফলাফল পজিটিভ আসে।

ডা: আনিস জানান, পিএস আক্রান্ত হবার পর বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি কোয়ারেন্টিনে থাকলেও তিনি দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন। তিনি জানান, সিলেটে কোভিড ল্যাবে রবিবার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই চার জন ছাড়াও বিশ্বনাথের চারজন পুলিশ কর্মকর্তা, সদর হাসপাতালে চিকিৎসাধীন চারজন এবং ফেঞ্চুগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও পরিচালক, স্থানীয় সরকার) মো. ফজলুল কবীর সংবাদ মাধ্যমকে জানান, আক্রান্ত ওই কর্মকর্তা ভালো আছেন। তবে তার স্ত্রী ও শ্যালিকার শ্বাসকষ্ট আছে।

Share





Related News

Comments are Closed