Main Menu

দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৩০

বৈমাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯৩০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৯৫ জন।

এ সময়ে দেশে আরো ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জন।

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া এই সময়ে আরও ২৩৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১১৭ জন।

তাঁর দেয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মোট ছয় হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন মারা যাওয়াদের মধ্যে সবাই পুরুষ।এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দু’জন এবং রংপুর বিভাগের দু’জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরের সাত জন, ঢাকা জেলার দু’জন এবং গাজীপুর, মুন্সীগঞ্জ এবং নরসিংদীতে একজন করে রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

এদিকে, মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা শনিবার সকালে বেড়ে ৩ লাখ ৮ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৮ হাজার ৩৯৩ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ২৫ লাখ ৬১ হাজার ৭০৯ জন রোগীর মধ্যে ২৫ লাখ ১৬ হাজার ৭০৩ জন স্থির অবস্থায় রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ৬ জনের অবস্থা গুরুতর। যা আক্রান্তদের দুই শতাংশ।

এ ভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জন।

কোভিড-১৯ এর ভাইরাসটি বিশ্বের ২১২টি দেশ এবং অঞ্চলে ছাড়িয়ে পড়েছে।

Share





Related News

Comments are Closed