Main Menu

কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে : প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: মানুষকে সুরক্ষিত রেখে দেশের অর্থনীতির চাকা সচল ও রোজার কারণে জেলাভিত্তিক ক্ষুদ্রশিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সোমবার (৪ মে) সকালে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাবে দেশের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমাদের লক্ষ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, করোনা মোকাবেলা ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। এরইমধ্যে ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা ছুটি ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা যেন সুরক্ষিত থাকে, মানুষকে একেবারে ঘরে বন্দি না করে সীমিত অবস্থায় জরুরি কিছু কিছু কাজ চলতে হবে। যাতে মানুষের কষ্ট না হয়। ঈদের আগে যদিও বড় জমায়েত করা যাবে না। সবাই যার যার মতো দূরত্ব বজায় রেখে চলতে হবে। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।’

সবাইকে জরুরি কারণ ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী তার এ বক্তব্যে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও ৪ দফা বাড়িয়ে ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত করা হয়। সেই ছুটি আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই সাধারণ ছুটির মধ্যেই সরকার পোশাক কারখানাসহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সীমিত আকারে কাজ চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed