Main Menu

সিলেট বিভাগে আরো ৬৬ করোনা রোগী শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে আরো ৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার ঢাকায় নমুনা পরীক্ষায় সিলেটের এসব রোগী শনাক্ত হন। এ নিয়ে বিভাগজুড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৬ জনে। এরমধ্যে মারা গেছেন তিনজন আর সুস্থ হয়েছেন মাত্র দুইজন।

শুক্রবার (১ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান।

তিনি বলেন, তিনি জানান, গত ২৪, ২৫ ও ২৬ এপ্রিল এসব স্যাম্পল ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। সেখান থেকে শুক্রবার ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে আমরা এখনো কোন জেলার কতজন তা বের করতে পারিনি। কারণ নমুনা ল্যাব আইডি খোঁজে এগুলো বের করতে হবে। তবে রাতে হয়তো ঢাকা থেকে ইমেইলে জানানো হতে পারে।

তিনি বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে ২১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে হবিগঞ্জের ১২ জন, মৌলভীবাজারে ৫ জন ও সুনামগঞ্জে ৪ জন রয়েছেন। বাকীদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।

সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। প্রথম রোগী হিসেবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন সনাক্ত হন। এরপর আজ পহেলা মে নতুন আরও ৬৬ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৬ জন। এর আগে শু্ক্রবার পর্যন্ত সিলেট বিভাগে ১১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

এরমধ্যে গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন ও ২৫ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাটের চা বাগানের এক শিশুর মৃত্যু হয়। আর মৌলভীবাজারের রাজনগরে ‘করোনার উপসর্গ’ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে গত ৫ এপ্রিল। এর আগে ৪ এপ্রিল রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান এ ব্যক্তি।

অন্যদিকে ২৭ এপ্রিল প্রথমবারের মতো দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, কলেজের পিসিআর ল্যাবে অনেকগুলো নমুনা জমা হওয়ায় দ্রুত পরীক্ষার জন্য গত ২৮ এপ্রিল প্রায় এক হাজার নমুনা ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে প্রেরণ করা হয়। শুক্রবার সেখান থেকে রিপোর্ট আসে। রিপোর্টে ৬৬ জন পজিটিভ পাওয়া যায়।

Share





Related News

Comments are Closed