দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনায় নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। এছাড়া নতুন করে আরও ৩০৯ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯৯৮ জনে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, নতুন মারা যাওয়াদের মধ্যে পাঁচজন নারী এবং চারজন পুরুষ। এমধ্যে ঢাকায় তিনজন এবং বাকিরা অন্য জেলায় মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৩৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৩৩৭টি নমুনা, বলেন নাসিমা।
অক্সিজেন সিলিন্ডারের সংকট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি দাবি করেন, অক্সিজেন সিলিন্ডারের কোনো ঘাটতি নেই।
দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলাতেই করোনা রোগী পাওয়া গেছে বলে জানান তিনি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে হুট করেই বাড়তে থাকে রোগীর সংখ্যা।
তবে ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই ব্যবস্থা নেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। পঞ্চম দফায় বাড়িয়ে সেই ছুটি করা হয়েছে আগামী ৫ মে পর্যন্ত।
করোনা প্রাদুর্ভাবের মধ্যেই আজ থেকে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। এ বছর মাসটি একেবারেই ভিন্নভাবেই পালন হবে ইসলাম ধর্মাবলম্বীদের। সবাই তারাবির নামাজে যেমন অংশগ্রহণ করতে পারবেন না তেমনি নিরুৎসাহিত করা হচ্ছে ইফতার মাহফিল আয়োজনের ক্ষেত্রেও।
এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ২৪৫। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৮ লাখ ৩০ হাজার ৫১ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৩৪ হাজার ৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৫২৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৭ লাখ ৯৮ হাজার ৭৭২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৯৭ হাজার ২৪৫ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed