Main Menu

চেন্নাই থেকে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তৃতীয় দফায় ভারতের চেন্নাইতে আটকে পড়া এই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো।

বুধবার (২২ এপ্রিল) তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউএস বাংলার ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০ ও ২১ এপ্রিল চেন্নাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা। এছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলেন না। এমতাবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি বলেন, এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন। যাত্রীদের করোনাভাইরাসমুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর যেসব যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নেই, সেসব যাত্রীর সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা রয়েছে।

Share





Related News

Comments are Closed