ধান কাটার শ্রমিকদের জন্য স্কুল খুলে দেয়ার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বোরো ধান কাটার সুবিধার্থে দেশের হাওরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওইসব জেলায় বাইরে থেকে আসা ধানকাটা শ্রমিকদের থাকার সুবিধার জন্য ওই বিদ্যালয়ের কক্ষগুলো ব্যবহৃত হবে। সোমবার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া আগাম বন্যার আশঙ্কা থাকায় এবার বোরো ধান দ্রুত কাটার সুবিধার জন্য প্রাথমিক শিক্ষকদের সহযোগিতাও চেয়েছে এই মন্ত্রণালয়। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে কৃষকদের পাশে দাড়াঁতে সহযোগিতা করার জন্য শিক্ষকদের কাছে সহায়তা চাওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন বলেন, ‘বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর অঞ্চলের জেলাসমূহে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। ইতোমধ্যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র আগাম বন্যার আভাস দিয়েছে। হাওর এলাকায় বছরে একবার মাত্র ফসল ফলে। এই ফসল আমাদের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাওড় এলাকার চাহিদা পূরণ করে এই উৎপাদিত ধান দেশের অন্যান্য অঞ্চলের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে থাকে। এবার করোনাভাইরাস প্রভাবের ফলে আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য সংকট হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ আশঙ্কা প্রকাশ করেছে। সেইদিক দিয়ে হাওর অঞ্চলের ধান যথাসময়ে এবং দ্রুততার সাথে হারভেস্ট করা খুবই জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন’।
সচিব বলেন, ‘ধান কাটার জন্য এলাকার বাইরে থেকে আসা শ্রমিকদের থাকার জন্য হাওর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিতে হবে। করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটেরও সৃষ্টি হয়েছে। এই সংকটে সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরকে তাদের প্রাক্তন ছাত্র, যারা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ে, যাদের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ এবং যারা লেখাপড়া না করে অলসভাবে সময় কাটায়, তাদেরকে উদ্বুদ্ধ করে এই চরম বিপদের সময় কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করতে পারেন’।
আকরাম আল হোসেন আরও বলেন, ‘আমার বিশ্বাস প্রাথমিক শিক্ষকরা যদি তাদের প্রাক্তন ছাত্রদের প্রকৃতভাবে অনুরোধ করেন এবং উদ্বুদ্ধ করেন, তবে তারা শিক্ষকদের অনুরোধ শুনবে। কারণ আমরা আমাদের শিক্ষকদের কথা কখনও অমান্য করি না’।
সচিব জানান, হাওর অঞ্চলের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিও) তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed