করোনায় দেশে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে । এছাড়া নতুন করে ২৬৬ জন শনাক্ত হওয়ায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮৩৮ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময়ে ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।
মন্ত্রী বলেন, আমরা যদি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকি তাহলে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। লকডাউন ঠিকভাবে মেনে চললে করোনাভাইরাস ছড়াবে না।
‘আমরা সকলে মিলে এ যুদ্ধে জয়ী হবো। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান,’ বলেন তিনি।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ২১-৩০ বছরের মধ্যে ২১ ভাগ মানুষ আক্রান্ত হয়েছেন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ ভাগ আক্রান্ত।
তিনি জানান, শতকরা ৪৬ ভাগ ঢাকায় সংক্রমিত হয়েছেন। ঢাকার মধ্যে মিরপুরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
দেশে গেল ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ সরকারও সাধারণের চলাচল সীমিত করতে নানা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়িয়ে সেই ছুটি এখনও চলছে।
বর্তমানে দেশে ভাইরাসটির কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে আগেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সব পরামর্শগুলো মেনে চলতে বলা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সেই নিয়ম ভাঙছেন সাধারণ মানুষ। আর এক কারণে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাস্তায় বেরনো নিষিদ্ধ করেছে সরকার।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। এদের মধ্যে বর্তমানে ১৪ লাখ ৮৯ হাজার ৩৮১ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৫৫৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৫২১ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More



Comments are Closed