Main Menu

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮২

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরো ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে মোট ৩৯ জনের। নতুন করে তিনজন সুস্থ হয়ে ফিরেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২ জন।

‘কমিউনিটি সংক্রমণ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে,’ যোগ করেন তিনি।

তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অবস্থা এখনও যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর তুলনায় ভালো আছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা সোমবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৪৭ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৮ লাখ ৫৩ হাজার ১৫৫ জন। এদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ১৫ হাজার ২৮৩ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৮৫৩ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৬২৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ১৪ হাজার ২৪৭জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ৯ বাংলাদেশিসহ একদিনে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩১ জন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১০৫ জনে দাঁড়ালো। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কোভিড উনিশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও নিউইয়র্কে যেন কোনো ভাবেই থামছে না মৃত্যুর মিছিল। রোববারও (১২ এপ্রিল) বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। এরমধ্যে ভার্জিনিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি। নিউইয়র্কের বাইরেও বিভিন্ন স্থান হট স্পট হয়ে উঠেছে করোনাভাইরাসের।

এছাড়া স্পেনে করোনায় একদিনে ৬০৩ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার। এদের মধ্যে ১২৭ জন বাংলাদেশি। প্রতিবেশী পর্তুগালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪। আক্রান্ত হয়েছেন ৮ বাংলাদেশি। সংক্রমণরোধে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়তে থাকায় নানা সঙ্কটে আছেন দু’দেশের প্রবাসী বাংলাদেশিরা।

Share





Related News

Comments are Closed