সিলেটে করোনায় আক্রান্ত নারীর স্বামী নারায়ণগঞ্জ ফেরত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুনামগঞ্জের এক প্রসূতি নারীর দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ওই নারীর স্বামী ১০ দিন আগে তার কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি সুনামগঞ্জে আসেন বলে জানিয়েছে পরিবার।
গতকাল রোববার ওসমানী মেডিকেল কলেজে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই নারীর বয়স ২৫। বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। আক্রান্ত ওই নারীর স্বামীর নাম মুসলিম। তিনি নারায়ণগঞ্জে চাকরি করতেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণা করায় কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি বাড়ি চলে আসেন।
গর্ভবতী ওই নারী ওসমানী মেডিকেল কলেজের গাইনি বিভাগে ভর্তি ছিলেন। গত শুক্রবার সিজার হওয়ার পর সন্তান জন্মদানের পর প্রসূতি ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়। তখন তার শরীরের নমুনা নিয়ে রোববার ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
সোমবার সকালে ওই নারীকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, সকাল নয়টায় করোনা আক্রান্ত ওই নারীকে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
এদিকে রিপোর্টে করোনা নিশ্চিত হওয়ার পর তার সংস্পর্শে থাকা ঐ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, সোমবার সকালে নারীর রিপোর্ট আসার পরেই তার সংস্পর্শে যাওয়া চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ এখন দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যাচ্ছে।
শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ নারায়ণগঞ্জে বিভিন্ন জেলার মানুষের বসবাস। নারায়ণগঞ্জ থেকে সংক্রমণ ছড়ানো ঠেকাতে গত ৮ এপ্রিল বুধবার পুরো জেলা লকডাউন করা হয়, কিন্তু সেটা পুরোপুরি কার্যকর হয়নি। লকডাউনের মধ্যেই শত শত মানুষ নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তাদের অনেকেই বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed