Main Menu

পিযুষকে মাদক দিতে গিয়ে ছাত্রলীগকর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে-কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাদক দিতে গিয়ে জাহেদ নামের এক ছাত্রলীগ কর্মী পুলিশের হাতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়- ৬ মাস থেকে কারান্তরীন স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে পুলিশ হেফাজতে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত ৮টার দিকে জাহেদ নামের ওই ছাত্রলীগ কর্মী মাদক নিয়ে পিযুষ কান্তির কাছে গেলে দায়িত্বে থাকা কারারক্ষীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ উপস্থিত হয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২ পিস বড় ইয়াবা, খোলা ১ বোতল ফেন্সিডিল ও ১ বোতল খোলা মদ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন, তিন ধরনের মাদকসহ জাহেদ নামের এক যুবককে ওসমানী হাসপাতাল থেকে আটক করা হয়েছে। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে-কে মাদকগুলো দিতে গিয়েছিল বলে জানা গেছে।

এ ঘটনায় জাহেদকে আসামী করে একজন কারারক্ষী মামলা দায়ের করেছেন। আসামীকে আজ শনিবার কোর্টে চালান দেয়া হবে বলে জানান ওসি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফারুক জানান, গত ২ এপ্রিল থেকে ওসমানী হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন পিযুষ। বৃহস্পতিবার রাতে জাহেদ নামের এক ছাত্রলীগ কর্মী হাসপাতালে তার সাথে দেখা করতে যায়। গেইটে কর্মরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা জাহেদকে চেকআপ করেন। চেকআপের সময় তার কাছে উল্লিখিত মাদক পাওয়া যায়। তিনি জানান, পিযুষের অবস্থা বর্তমানে ভালো। হাসপাতাল থেকে শিগগিরই তাকে কারাগারে স্থানান্তরের ছাড়পত্র দেয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদাসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব-৯। এরপর থেকে কারাবন্দি রয়েছে।

 

Share





Related News

Comments are Closed