Main Menu

সিলেটে করোনা চিকিৎসা নিয়ে যা বললেন সিওমেক পরিচালক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের করোনা আক্রান্ত একমাত্র চিকিৎসককে ঢাকায় পাঠানো নিয়ে সিলেটে বুধবার দিনভর ছিলো আলোচনা-সমালোচনা। নানাজনের নানা সমালোচনায় মুখর ছিল সোশ্যাল মিডিয়াও। এমন আলোচনায় উঠে এসেছে সিলেটে করোনা চিকিৎসার দৈন্যদশার বিষয়টি।

এ অবস্থায় বুধবার (৮ এপ্রিল) রাতে সংবাদ সম্মেলনে আসে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এসময় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার ইউনুছুর রহমান বলেন- সিলেটে করোনা আক্রান্তদের সেবায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে করোনামুক্ত রাখতে সেখানে আইসিইউ বিভাগে কাউকে ভর্তি করা হচ্ছে না। তবে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্তদের সেবায় দুটি আইসিইউ ইউনিট কার্যকর আছে এবং দুদিনের মধ্যে আরো ৯টি ইউনিট পুরোপুরিভাবে চালু হবে।

আক্রান্ত চিকিৎসকের পারিবারিক ইচ্ছায় তিনি ঢাকায় স্থানান্তরিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন- এখানে চিকিৎসার ত্রুটি নেই। এসময় তিনি বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই বলেও জানান।

সিলেটের চিকিৎকরা সার্বক্ষনিক চিকিৎসা প্রদানের জন্য প্রস্তুত রয়েছেন জানিয়ে তিনি বলেন- সবাইকে সচেতনতা, ধৈর্য ও সহমর্মিতা রাখতে হবে।

সিলেটে স্থাপিত করোনা পরীক্ষা যন্ত্রে প্রথম দিনে ৯৩ টি সিম্পলের মধ্যে কারো করোনা পজিটিভ পাওয়া যায়নি বলেও আশ্বস্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় ছাড়াও প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed